সড়ক দুর্ঘটনামুক্ত একটি দিন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই দুর্ঘটনার কথা শুনি, মানুষের নির্মম মৃত্যুর খবর। গাড়ির নিচে চাপা পড়ে মরছে অসহায় মানুষ। এ মৃত্যু অসহ্য, মেনে নেওয়া যায় না। আমি প্রত্যাশা করি, এমন একটি দিন আসুক যেদিন একজন মানুষেরও দুর্ঘটনায় মৃত্যু হবে না। সংবাদপত্রের পাতায় দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর থাকবে না। কিন্তু আমি জানি সে প্রত্যাশা পূরণ হওয়ার নয়। দেশের পরিবহন ব্যবস্থায় নৈরাজ্য চলছে। কেউ কারও কথা শুনছে না, আইনও মানছে না। সবাই গায়ের জোরে সবকিছু করছে। এ ক্ষেত্রে সরকার সবচেয়ে বেশি উদাসীন। সরকার কাউকে আইন মানতে বাধ্য করছে না। সবাই মনে করছে, আইন না মানার এখানে সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় যাঁরা গাড়ি চালাচ্ছেন তাঁরা লাইসেন্স পাচ্ছেন কী করে? তাঁদের লাইসেন্স সঠিকভাবে পরীক্ষা করলেই দেখা যাবে প্রকৃত ঘটনা। গাড়ি চালানোর প্রশিক্ষণ দেয় এমন প্রতিষ্ঠান দেশে নেই। নেই নিয়ম মেনে চলা শেখানোর ব্যবস্থা। অনেক দিন আগে থেকেই পাঠ্যপুস্তকে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করার দাবি জানানো হচ্ছে। কিন্তু কেউ সেটা গ্রাহ্য করছে না। দেশের বিভিন্ন মহাসড়কের দুর্ঘটনার কিছু স্থান অনেক আগেই চিহ্নিত করা আছে। কিন্তু সেই স্থানগুলো ঠিকঠাক করা হচ্ছে না। এসব সরকারের দায়িত্ব। আমরা ১৭ বছর ধরে সে কথাই বলে যাচ্ছি। জানি না আর কত দিন বলতে হবে।