সড়ক দুর্ঘটনার আইনটি অজামিনযোগ্য করার দাবি নিহতের স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার সকাল থেকে এক এক করে জড়ো হন অনেকে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কারও মুখে কথা নেই। এক সময় নির্বাক মুখগুলোই সবাক হয়ে ওঠে। তাঁরা সোচ্চার কণ্ঠে দাবি তোলেন, সড়ক দুর্ঘটনার আইনটি অজামিনযোগ্য করতে হবে, শাস্তির মেয়াদ বাড়াতে হবে। হামীম শেখ, সাইফ আহমেদ, সম্রাট, মনোয়ার হোসেন, সিলভিয়াদের যাঁরা মেরে ফেলেছেন তাঁদের ফাঁসি দিতে হবে।সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্য ও তাঁদের শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হয়ে আজ এ দাবি তুলেছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের পর স্বজনদের একটি পদযাত্রা আমিনবাজারের উদ্দেশ্যে যাত্রা করে।স্বজন হারানো পরিবারের সদস্য সাংসদ তারানা হালিম বলেন, ৯৫ শতাংশেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে শুধু চালকদের খামখেয়ালির কারণে। অথচ বিদ্যমান আইনটি জামিনযোগ্য। ফলে চালক ধরা পড়ছে, প্রথম দিনই জামিন পাচ্ছে এবং এরপর পলাতক থাকছে। তিনি বলেন, একটি বাঘ মেরে ফেললে ১০ বছরের বেশি কারাদণ্ডের বিধান থাকলেও গাড়ি চালানোর সময় মানুষ মেরে ফেলার জন্য শাস্তির মেয়াদ তিন বছর। অথচ একজনও এ শাস্তি পায়নি।স্বজন হারানো পরিবারের সদস্যরা সাইফ ফাউন্ডেশন ‘ফ্যামেলিস ইউনাইটেড এগেইনস্ট রোড এক্সিডেন্ট’ নামে একটি ফোরাম গড়ে তুলেছেন। আজ ছিল সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ বছরের তরুণ সাইফ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর বাবা ইকরাম আহমেদ বলেন, নিহত সন্তানের হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ‘নতুন যুগোপযোগী একটি আইনের জন্য আর কত মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, আর কতজনকে সন্তান, ভাই ও বাবা হারা হতে হবে?’সেবা নামের একটি সংগঠনের সদস্যরা ‘ঘাতক চালক ও মালিকদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধিতে মৃত্যুদণ্ড চাই’ শীর্ষক ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে হাজির হন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জার্মান টেকনিক্যাল কো-অপারেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা এ প্রতীকী আয়োজনে সংহতি জানাতে হাজির হয়েছিলেন।