সড়ক দুর্ঘটনার বিচারে চাই ট্রাইব্যুনাল
সম্প্রতি চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ক্ষত সারার নয়। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। কিন্তু প্রচলিত আইনের দুর্বলতার কারণে দায়ীদের সাজা হচ্ছে না। আর কত প্রাণ গেলে দোষীদের কঠোর আইনের আওতায় আনা হবে, তাদের সাজা নিশ্চিত করা হবে? সম্প্রতি চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ক্ষত সারেনি এখনো। এ ক্ষত সারার নয়, এ শোক ভোলার নয়। একটি দুর্ঘটনায় কেড়ে নিল কচি প্রাণগুলো। বুক খালি করে দিল অনেক মা-বাবার। একজন চালকের সহকারীর একটু গাফিলতি ও অসতর্কতা যে কত ভয়াবহতা আনতে পারে, এ ঘটনাটি তারই প্রমাণ। কিন্তু এ অপরাধীদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আবার আইনের আওতায় কিছু ক্ষেত্রে আনা হলেও দুর্বল আইনের ফাঁকে বেরিয়ে আসছে অপরাধীরা। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। এমন কোনো দিন নেই, যে দিন সড়ক দুর্ঘটনায় অন্তত তিন-চারজন লোক মারা না যায়। তদুপরি এসব দুর্ঘটনায় প্রতিদিন যে কত লোক আহত বা জখমপ্রাপ্ত হয়, শারীরিক-মানসিক পঙ্গুত্ববরণ করে, তার হদিস পাওয়া কঠিন। তার পরও মানুষ প্রয়োজনের তাগিদে, নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়কপথে নানা যানবাহনে চলাচল করছে। নানা গবেষণায় বের হয়ে আসছে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ চালকদের অপর্যাপ্ত প্রশিক্ষণ, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল, ট্রাফিক আইনের শিথিলতা, রাস্তার অপ্রশস্ততা ও কিছু কিছু ক্ষেত্রে দুর্দান্ত বাঁক, জনগণের অসচেতনতা ইত্যাদি। সড়ক দুর্ঘটনা যে কত পরিবারে, কী পরিমাণ কান্না ও দুর্ভোগ বয়ে নিয়ে আসে, তা একমাত্র ভুক্তভোগী পরিবারের লোকজনই জানে। আমি মনে করি, এ দুর্দশা থেকে জাতিকে পরিত্রাণের জন্য সর্বাগ্রে প্রয়োজন দেশে প্রচলিত দুর্ঘটনাসংক্রান্ত আইনে সংশোধনী আনয়ন ও সে অনুযায়ী বিচার পদ্ধতিতে একটু কড়াকড়ি আরোপ, যাতে এ-জাতীয় অপরাধ করে কোনো আসামি সহজে পার না পায় এবং দ্রুত এ মামলা নিষ্পত্তি করা যায়। তা ছাড়া চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে পরীক্ষার পর লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ফিটনেসবিহীন গাড়ি যেন কোনো অবস্থাতেই রাস্তায় না নামতে পারে, তার উদ্যোগ নিতে হবে। দেশের দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলো দূর করে যতদূর সম্ভব সরলীকরণ করতে হবে। ট্রাফিক আইনের কড়াকড়ি প্রয়োগও নিশ্চিত করতে হবে। দেশের প্রধান প্রধান সড়ক প্রশস্ত করে লেনবিশিষ্ট করলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। সর্বোপরি রাস্তা পারাপারসহ যানবাহনে চলাচলের ক্ষেত্রে জনগণের আরও অধিক সচেতনতা কাম্য।সড়ক দুর্ঘটনার অপরাধের ক্ষেত্রে বাংলাদেশে প্রধানত দণ্ডবিধির ২৭৯, ৩৩৮-ক, ৪২৭, ৩০৪-খ ধারা অনুযায়ী বিচার করা হয়। দণ্ডবিধির ২৭৯ ধারা অনুযায়ী, জনসাধারণের ব্যবহূত সড়কে বেপরোয়া বা অবহেলামূলকভাবে গাড়ি চালালে তার সাজা তিন বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ড। ৩৩৮-ক ধারা অনুযায়ী, জনপথে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত প্রদান করার শাস্তি দুই বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ড। ৪২৭ ধারা অনুযায়ী, সড়ক দুর্ঘটনা ঘটিয়ে কোনো যানবাহন বা স্থাপনার ক্ষতিসাধন করলে তার শাস্তি দুই বছর পর্যন্ত জেল কিংবা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ড। ৩০৪-খ ধারা অনুযায়ী, বেপরোয়া যান চালিয়ে কারও মৃত্যু ঘটালে তার শাস্তি তিন বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ড। উল্লিখিত ধারাগুলো জামিনযোগ্য হওয়ায় আসামিরা দুর্ঘটনার যেকোনো অপরাধ করে আদালতে এসে সহজেই জামিন পেয়ে যায়। দায়ী গাড়ির মালিকেরাও তাঁদের কাগজপত্র দেখিয়ে আদালত থেকে সহজে গাড়িগুলো নিজ জিম্মায় নিয়ে আসতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, এ-জাতীয় অপরাধের আসামিরা জামিনপ্রাপ্ত হয়ে পলাতক হন। আর আদালত থেকে গাড়ি নেওয়ার পর গাড়ির মালিকদের তো কোনো পাত্তাই পাওয়া যায় না। আবার ৪২৭ ধারা বাদে বাকি ধারাগুলো আপসযোগ্য না হওয়ায় এসব মামলা নিষ্পত্তি করতেও জটিল সমস্যায় পড়তে হয়। কারণ অনেক সময় দেখা যায়, দুর্ঘটনার শিকার ব্যক্তি বা পরিবার ক্ষতিপূরণ হিসেবে কমবেশি টাকাপয়সা নিয়ে আসামিদের সঙ্গে আদালতের বাইরে একটা আপস ফয়সালা করে ফেলে। কিন্তু এরপর বাদী বা আসামি কোনো পক্ষই আদালতে আসার অথবা এ বিষয়টি আদালতকে জানানোর কোনো প্রয়োজন মনে করে না। এ অবস্থায় ওই মামলাটি নিয়ে বছরের পর বছর অযথা কালক্ষেপণ করতে হয় এবং তা নিষ্পত্তি করতে বহুবিধ সমস্যায় পড়তে হয়।দিন দিন সড়ক দুর্ঘটনা যে হারে জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তাতে এই অপরাধের সাজা বৃদ্ধি করাও একান্ত প্রয়োজন। সম্প্রতি আমাদের যোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচলিত আদালতব্যবস্থার মধ্যে শুধু দুর্ঘটনাসংক্রান্ত আলাদা ট্রাইব্যুনাল রয়েছে। ফলে সে দেশে মানুষ সহজে এবং অল্প সময়ে এ বিষয়ে প্রতিকার পায়। অথচ পরিতাপের বিষয়, আমাদের দেশে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটলেও এ-জাতীয় কোনো ট্রাইব্যুনাল নেই, সাধারণ আদালতেই এর বিচারকাজ সম্পন্ন করা হয়। তারপর দুর্ঘটনাসংক্রান্ত আইনের দুর্বলতার কারণে এবং প্রচলিত বিচারব্যবস্থার নানা ত্রুটির কারণে খুব কম দুর্ঘটনারই প্রকৃত বিচার হয় বলে আমি মনে করি। আর অপরাধীদের সাজা প্রায় হয় না বললেই চলে। এতে চালকেরা গাড়ি চালানোর ক্ষেত্রে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন এবং এ-জাতীয় অপরাধকে বিশেষ গ্রাহ্য করেন না।আমরা আশা করব, বিষয়টি অতি জনগুরুত্বসম্পন্ন বিবেচনা করে সংসদের পরবর্তী অধিবেশনেই সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী এ আইনের প্রয়োজনীয় সংশোধনী বিল এনে পাস করা হবে। আর সেই সঙ্গে বাংলাদেশেও ভারতের মতো পৃথক দুর্ঘটনাসংক্রান্ত ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এভাবে সড়ক দুর্ঘটনার অভিশাপ থেকে দেশ ও জাতিকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।লেখক জ্যেষ্ঠ বিচারিক হাকিম, নরসিংদী