সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু
কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এক সড়ক দুর্ঘটনায় মো. ফরিদউদ্দিন আহমেদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত ফরিদউদ্দিন অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য। তাঁর বাড়ি দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামে।পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মো. ফরিদউদ্দিন আহমেদ মারা যান।জানা যায়, ফরিদউদ্দিন চাকরি থেকে অবসর গ্রহণের পর বুড়িচং উপজেলার দেবপুর স্পিনিং মিলের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। সকাল সাতটায় দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এ সড়ক দুর্ঘটনার শিকার হন।দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার উল্লাহ জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যায়। ঘাতক ট্রাক ও অটোরিকশা আটক করা হলেও চালকেরা পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।