সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু
রাজধানীর উত্তরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা আবদুল লতিফ (৪৭) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। উত্তরা থানার পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ১১ জানুয়ারি আবদুল লতিফ টঙ্গীর বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন শেষে বাসযোগে উত্তরার দিকে আসছিলেন। উত্তরার জসীমউদদীন রোডে পৌঁছানোর পর বাস থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, আবদুল লতিফ ১৯৮২ সালে পুলিশের উপপরিদর্শক পদে যোগদান করেন। তিনি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নওগাঁ জেলায় তাঁর পোস্টিং হওয়ার কথা ছিল।আবদুল লতিফের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। তাঁর বাবার নাম নওশের আলী।