সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর ওসির মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।আবু তাহের টাঙ্গাইলের সখীপুর উপজেলার শানবান্ধা গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার ছোট ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।মানিকগঞ্জ সদর থানা সূত্র জানায়, ঈদের আগে মহাসড়কের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৩০ আগস্ট ভোর সাড়ে চারটার দিকে আবু তাহের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের উদ্দেশে থানা থেকে বের হন। থানার অদূরে খালপাড় সেতুর কাছে গিয়ে একটি খালি মাইক্রোবাস থামিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শহর থেকে বাসস্ট্যান্ডগামী একটি হ্যালোবাইক (ইঞ্জিনচালিত রিকশা) দ্রুত গতিতে এসে আবু তাহেরকে ধাক্কা দেয়। এতে আবু তাহের মাথায় প্রচণ্ড আঘাত পান।খবর পেয়ে আবু তাহেরের সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হ্যালোবাইকের চালক আক্তার হোসেনকে (২৮) আটক করেন। এরপর আহত ওসিকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাঁর অবস্থার আরও অবনতি হলে ওই দিনই তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, হ্যালোবাইকটির চার্জ শেষ হয়ে যাওয়ায় হেডলাইট বন্ধ ছিল। অন্ধকারে চালাতে গিয়ে মাইক্রোবাস ও ওসি আবু তাহেরকে দেখতে না পেয়ে বাইকটি ওসিকে ধাক্কা দেয় বলে গ্রেপ্তার হওয়ার পর চালক আক্তার হোসেন পুলিশকে জানিয়েছেন। এ ব্যাপারে সদর থানায় চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিন বলেন, হাসপাতাল থেকে আবু তাহেরের লাশ গ্রহণ করার পর রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার শানবান্ধা গ্রামে।মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ১ আগস্ট আবু তাহের উপপরিদর্শক (এসআই) পদে পুলিশ বিভাগে যোগদান করেন। গত ১৯ মে তিনি মানিকগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান। এর আগেও তিনি ওই থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।