সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কাভার্ড ভ্যানের চাপায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আরিফুল হক। তিনি ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে আরিফুলসহ পুলিশের কয়েকজন সদস্য উপজেলার কাশীপুর হাটখোলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে তল্লাশি-চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্ট-বোঝাই একটি কাভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জের ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক নিজে বাদী হয়ে মামলা করেছেন।এএসআই আরিফুলের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম জামান শেখ।