সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ নিহত ৫
গাইবান্ধা শহরে জেলা পুলিশ সুপারের কার্যালয়-সংলগ্ন খাদ্য গুদামের সামনে আজ শুক্রবার ভোররাতে ট্রাকের চাপায় একই পরিবারে চারজনসহ পাঁচজন নিহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের শ্যামল চন্দ্র সরকার (৩৫), তাঁর স্ত্রী নমিতা রানী (২৮), ছোট ভাই চন্দন কুমার (২৩), খালা কাঞ্চনবালা (৬০) এবং একই গ্রামের ভ্যানচালক আশরাফ আলী (৫০)।গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) আখতার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোররাত চারটার দিকে সদর উপজেলার খামার পীরগাছা গ্রাম থেকে শ্যামল চন্দ্র সরকার ও তাঁর পরিবারের লোকজন অসুস্থ নমিতা রানীকে নিয়ে ভ্যানে করে গাইবান্ধা সদর হাসপাতালে যাচ্ছিলেন। ভ্যানটি খাদ্য গুদামের সামনে পৌঁছালে পলাশবাড়ি থেকে গাইবান্ধাগামী একটি ট্রাক সেটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শ্যামল ও তাঁর পরিবারের চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর ভ্যানচালক মারা যান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ওই ট্রাকটি আটক করা যায়নি।