সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাইয়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে স্ত্রী, মা, চাচী ও এক শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সিলেট সদর উপজেলার উপসহকারী ভূমি কর্মকর্তা আশিকুজ্জামানের স্ত্রী হুমায়রা বেগম (২৫), মা আনজুমান আরা বেগম (৫০), চাচী আনোয়ারা বেগম (৪০), ও চার বছরের ছেলে আবিদুজ্জামান রুদ্র। গুরুতর আহত অবস্থায় আশিকুজ্জামান, তাঁর এক শিশুপুত্র ও বাসার কাজের মেয়েকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিকুজ্জামান প্রাইভেট কার চালিয়ে তাঁর স্ত্রী, মা, চাচী ও দুই ছেলেকে নিয়ে জকিগঞ্জ উপজেলার হাকিডহর গ্রামে যাচ্ছিলেন। কিন্তু প্রাইভেট কারটি সিলেট-জকিগঞ্জ সড়কের ওই স্থানে পৌঁছানোর পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাত্ক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে বিয়ানীবাজার থানার পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় ওই হতাহতদের উদ্ধার করেন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী প্রথম আলোকে জানান, রাস্তাটি ভাঙা থাকায় এবং চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত চারজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।