সড়ক দুর্ঘটনায় কৌতুক অভিনেতা যশপাল ভাট্টি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা, টিভি ব্যক্তিত্ব ও কৌতুকশিল্পী যশপাল ভাট্টি আর নেই। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ভারতের জলন্ধরের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৫৭ বছর বয়সী এ অভিনয়শিল্পী। গতকাল রাত আড়াইটার দিকে ভাট্টিকে বহনকারী গাড়িটি পাঞ্জাবের জলন্ধর জেলার শকট শহরের কাছাকাছি পৌঁছালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি চালাচ্ছিলেন ভাট্টির ছেলে যশরাজ। ভাট্টির রচনা ও পরিচালনায় পাঞ্জাবি ছবি ‘পাওয়ার কাট’-এর প্রচারণার কাজে ছবির নায়িকা সুরিল গৌতমসহ জলন্ধর থেকে ভাটিন্ডা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে যশরাজ এবং সুরিল গুরুতর আহত হন। রাত তিনটায় তাঁদের তিনজনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা ভাট্টিকে মৃত ঘোষণা করেন। ভাট্টির সহকারী বিনোদ শর্মার বরাতে এমনটিই জানিয়েছে পিটিআই। বিনোদ শর্মা আরও জানান, ‘পাওয়ার কাট’ ছবিটি মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। এই ছবির প্রচারণার কাজে কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ভ্রমণে ব্যস্ত ছিলেন ভাট্টি। ১৯৫৫ সালে অমৃতসরে জন্ম নেন যশপাল ভাট্টি। আশির দশকের শেষের দিকে কমেডিধর্মী ‘ফ্লপ শো’ টিভি সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। পরবর্তী সময়ে ছোট ও বড়পর্দায় নিয়মিত অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘জনম সমঝা কারো’, ‘আ আব লট চলে’, ‘শক্তি’, ‘কুছ না কহো’, ‘ফানা’ প্রভৃতি।