সড়ক দুর্ঘটনায় গবেষণা কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের কালীভাংতি এলাকায় গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মতলব ডিগ্রি কলেজের শিক্ষিকা আইনুন নাহারসহ আরও চারজন।হাবিবুর রহমান ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্রের (আইসিডিডিআরবি) ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও চাঁদপুর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ইয়েস গ্রুপের সদস্য ছিলেন।দুর্ঘটনায় আহত আইনুন নাহার প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত আটটার দিকে হাবিবুর ও আইনুনসহ পাঁচজন সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চাঁদপুর শহরে টিআইবির তথ্য মেলায় যাচ্ছিলেন। তিন দিনব্যাপী ওই তথ্য মেলায় হাবিবুরের কবিতা আবৃত্তি করার কথা ছিল। কালীভাংতি এলাকায় পৌঁছার পর বালুভর্তি একটি ট্রাক্টর সামনে থেকে তাঁদের অটোরিকশাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাক্টরটি উদ্ধার করা হলেও চালক পলাতক।