সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক নিহত
কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে গতকাল শুক্রবার রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. মুস্তাফিজুর রহমান। দুর্ঘটনায় তাঁর স্ত্রী, তিন বছরের ছেলেসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।হাইওয়ে পুলিশের ডুলাহাজারা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জমান ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক স্ত্রী, ছেলে, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীর বড় ভাইকে নিয়ে গতকাল সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি ডুলাহাজারার পাগলার বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন। মুস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি ২০০৯ সালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দেন।