সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত হওয়ার জের ধরে ভাঙচুর, যান চলাচল বন্ধ
যশোর জেলা স্কুলের সামনে আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহত এবং আরেক ছাত্রী আহত হওয়ার জের ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও যানবাহন ভাঙচুর করে। ছাত্র বিক্ষোভের কারণে বেলা ১১টা থেকে শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ অবস্থা বহাল ছিল। দুর্ঘটনায় নিহত শাহনাজ পারভীন (২২) যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি যশোরের মনিরামপুর উপজেলার মোক্তারপুর গ্রামের ফজলুল হকের মেয়ে। যশোর শহরে এক মেসে থেকে তিনি কলেজে পড়াশোনা করতেন। পুলিশ জানায়, আজ সকালে শাহনাজ ও তাঁর বান্ধবী ঝরনা (২২) রিকশায় করে এফডিসিপাড়ার এক ছাত্রী মেস থেকে শহরে কলেজের উদ্দেশে রওনা দেন। ১১টার দিকে মুজিব সড়কে জেলা স্কুলের সামনে পৌঁছালে তিন চাকাবিশিষ্ট দেশীয় ইঞ্জিনচালিত ‘ইজি বাইক’ শাহনাজদের রিকশাকে ধাক্কা দিলে তারা দুজনে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় একটি ট্রাক শাহনাজকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত ঝরনাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবরে বিক্ষুব্ধ ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে শহরে খণ্ড খণ্ড মিছিল করে ও শহরের দড়াটানা মোড়, জেলা স্কুল মোড় অবরোধ করে রাখে। এ সময় তারা ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করে। ছাত্র বিক্ষোভের কারণে সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ রয়েছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, আগামী রোববার দুর্ঘটনাস্থলে গতিরোধক বসানো হবে। এ ছাড়া শহরে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ভারী যানবাহন চলাচল না করার আইন জোরদার করা হবে। সে লক্ষ্যে ট্রাফিক পুলিশ কাজ করছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহত শাহনাজের লাশ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।