সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুই চিকিৎসকের প্রাণ
রাজশাহীতে আজ শনিবার বাংলাদেশ সোসাইটি অব সার্জনের বার্ষিক সম্মেলনে যোগ দিতে মাইক্রোবাসে করে রওনা দিয়েছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আট শল্যচিকিৎসক। তবে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি আর গন্তব্যে পৌঁছাতে পারেনি। ঢাকা-দিনাজপুর মহাসড়কের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভেলাইনে এসে সকাল সাড়ে সাতটায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থেমে যায় মাইক্রোবাসের গতি। দুই শল্যচিকিৎসক ও মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, ওই বিভাগের সহযোগী অধ্যাপক তৈয়েবুর রহমান ও মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম।এ দুর্ঘটনায় বাকি ছয় শল্যচিকিৎসক গুরুতর আহত হয়েছেন। তাঁদের চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক চিকিৎসকের ছেলে এবং ট্রাকের চালক।ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাজির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।