সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশসহ ৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশসহ পাঁচজন মারা গেছে।গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে দ্রুতগতির একটি ট্রাক কাওলা ফুটওভার ব্রিজের কাছে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে তা উল্টে গিয়ে পিকআপের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজে লাশগুলোর ময়নাতদন্ত হয়েছে।এদিকে গতকাল বেলা ১১টার দিকে শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজ ফটকে একটি গাড়ি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী দেবদাস বালাকে (৩৬) চাপা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত দেবদাসের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। গত সোমবার রাত ১০টার দিকে রামপুরার ওয়াপদা রোডে কর্তব্যরত ট্রাফিক (দক্ষিণ) বিভাগের কনস্টেবল আবদুর রউফকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করার পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ঝিকরজোড়ায়।অন্যদিকে সোমবার বেলা ১১টার দিকে পল্লবীর থানার বিরুলিয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান পল্লবীর বাসিন্দা মজিবর হোসেনকে (৩৫) চাপা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তির পর রাত দেড়টায় তিনি মারা যান।