সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
ঝিনাইদহের শৈলকূপায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। তঁার নাম ইসমাইল হোসেন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।ইসমাইলের বাড়ি শৈলকূপা উপজেলার সাধুহাটি গ্রামে। তঁার বাবা মোহাম্মদ তোজাম্মেল হক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। ছয় ভাইবোনের মধ্যে ইসমাইল সবার ছোট ছিলেন।নিহত ইসমাইলের বন্ধু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র লাভলুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ঝিনাইদহের যেসব ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রথম বর্ষে পড়েন, গতকাল সোমবার স্থানীয় কে সি কলেজে তঁাদের পুনর্মিলনী ছিল। ওই অনুষ্ঠান শেষে নিজের মোটরসাইকেলে করে আরেক বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। ভাটইবাজার এলাকায় বিকেল চারটার দিকে একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার পথে সামনে থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তঁারা আহত হন।গুরুতর আহত ইসমাইলকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তঁাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তঁাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিত্সকেরা তঁাকে মৃত ঘোষণা করেন। ইসমাইলের বন্ধু রাজু আহমেদ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।