সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ চারজন নিহত
ফেনীর ফতেহপুর এলাকায় আজ শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতেরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্রী নাদিয়া সুলতানা (২৪), ঢাকার হাতিরপুলের খলিলুর রহমান (৫০), উত্তর মুগদাপাড়ার দেলোয়ার হোসেন (২৮) ও পূর্ব নাখালপাড়ার শহীদুল ইসলাম (২৮)।বাসের আহত যাত্রী ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আজ ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেলগেটের গার্ড বক্সের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের ফেনী সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ফেনী মহীপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।