সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র নিহত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া-দরগ্রাম সড়কে আজ শুক্রবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আসাদুজ্জামান সবুজ (২৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।সবুজ শহীদ তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পূর্ব তেগুরি গ্রামে। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল নয়টার দিকে চাচাতো ভাই আবদুল হামিদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে আশুলিয়া পলাশবাড়ী যাচ্ছিলেন সবুজ। সাটুরিয়া-দরগ্রাম সড়কের কুষ্টিয়া নামক স্থানে পৌঁছানোর পর জনসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যান। পরে, পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত হামিদকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।