সড়ক দুর্ঘটনায় তিন চিকিৎসকসহ ছয়জন নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তিন চিকিৎসকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই চিকিৎসকসহ সাতজন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাঝড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দন্ত বিভাগের চিকিৎসক মাহবুবুল হক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক দেবাশীষ ও শৈলেন্দ্র নাথ বাড়ৈ, মাইক্রোবাসের চালক কাশিয়ানীর ভাটিয়াপাড়ার ইমরুল, কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের আবু বক্কর এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ইছা মিয়া। নিহত চিকিৎসক মাহবুবুলের বাড়ি মাগুরার নওহাটা গ্রামে। শৈলেন্দ্র নাথ কিশোরগঞ্জের বাজিতপুরের বাসিন্দা। দেবাশীষের বাড়ি নড়াইল সদর উপজেলার তাবড়া বাঁশগ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএসএমএমইউর হূদেরাগের চিকিৎসক নাহিদ মোরশেদ ও অর্থোপেডিক বিভাগের চিকিৎসক সুজিত কুণ্ডু। হতাহতরা সবাই মাইক্রেবাসের আরোহী। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবুল খায়ের মো. রফিকুল হক হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আহত দুই চিকিৎসকসহ চারজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ভাড়ায় চালিত ওই মাইক্রোবাসটি কাশিয়ানীর কালনা ঘাট থেকে যাত্রী নিয়ে শিবচরের কাওরাকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। পথে মাঝড়া এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি বাসের চাকা ফেটে গেলে ওই মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ পাঁচজন মারা যান। আহত হন আটজন। তাঁদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মাহবুবুল হকের মৃত্যু হয়।প্রথম আলোর লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানিয়েছেন, হতাহত পাঁচজন চিকিৎসক গতকাল সাপ্তাহিক ছুটির দিনে লোহাগড়া উপজেলা সদরের বিভিন্ন চেম্বারে রোগী দেখে ঢাকায় ফিরছিলেন। রোগী দেখতে ওই চিকিৎসকেরা প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে লোহাগড়ায় আসেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে গতকাল কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি, চিকিৎসক নাহিদের এক হাত ভেঙেছে। তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। চিকিৎসক সুজিতের দুই পা ভেঙে গেছে।’বৃদ্ধ নিহত: দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গোপাল বৈদ্য (৮০) নামের এক বৃদ্ধ নিহত হন।