সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের যশোর-খুলনা মহাসড়কে আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছে। তাঁরা হলেন গোলাম মহিউদ্দিন (৪০) ও তাঁর স্ত্রী লাভলী ইয়াসমিন (৩৭)। দুজনই খুলনা ওয়াসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, গোলাম মহিউদ্দিন খুলনা ওয়াসার পাম্প অপারেটর ও লাভলী ইয়াসমিন ডেসপাস ক্লার্ক হিসেবে কাজ করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন তাঁরা। যশোর-খুলনা মহাসড়কের নুরনগর এলাকার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাঁদের গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহালের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।মহিউদ্দিনের সহকর্মীরা জানান, তিনি খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) প্রচার সম্পাদক। তাঁদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে পঞ্চম শ্রেণী ও ছোট মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। একসঙ্গে বাবা-মাকে হারিয়ে তারা নির্বাক হয়ে গেছে। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে সবাই।ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পলাতক। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।