সড়ক দুর্ঘটনায় দুই জেলায় বাবা-ছেলেসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও সাতক্ষীরায় আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। চট্টগ্রামে নিহতদের নাম—মাহফুজুল হক (৬২) ও তাঁর ছেলে রেজাউল (২৬)। তাঁদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। আর সাতক্ষীরায় নিহতের নাম ইউসুফ মোড়ল (৬০)। তিনি কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের দেরাজতুল্যাহ মোড়লের ছেলে।চট্টগ্রাম: পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বেল্লাপাড়া ব্রিজের কাছে আজ সকাল পৌনে আটটার দিকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাহফুজুল হক এবং হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছেলে রেজাউল মারা যান। দুুর্ঘটনায় আহত হন মাইক্রোবাসে থাকা আরও চারজন যাত্রী। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।পটিয়া হাইওয়ের সার্জেন্ট জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।সাতক্ষীরা: আজ সকাল নয়টার দিকে ইউসুফ মোড়ল সাইকেলে করে কালীগঞ্জ কলেজের সামনে দিয়ে কালীগঞ্জ-সাতক্ষীরা সড়কে উঠছিলেন। এ সময় শ্যামনগর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিন জানান, পিকআপটি পুলিশ আটক করেছে। মানবিক কারণে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ থানায় নেওয়া হয়নি। এ ব্যাপারে থানায় মামলা হবে।