সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর একটার দিকে কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চি-সংলগ্ন চল্লিশোর্ধ্ব এক নারী রাস্তা পার হচ্ছিলেন। তখন পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পরনে ছিল গোলাপি প্রিন্টের শাড়ি ও নীল ব্লাউজ। ভ্যানিটি ব্যাগে কামরাঙ্গীরচর কৃষি ব্যাংক শাখার একটি চেক বই পাওয়া গেছে। সেখানে নাম লেখা রয়েছে মিসেস রহিমা খাতুন। পুলিশ ঘাতক বাস বা চালককে আটক করতে পারেনি।অপর ঘটনায় গতকাল সকালে তেজগাঁও মহিলা কলেজসংলগ্ন ফার্মগেট ওভারব্রিজের নিচ থেকে অজ্ঞাত (৪৫) এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরনে ছিল আকাশি প্রিন্টের শাড়ি ও ব্লাউজ।এ ছাড়া গত সোমবার বিকেলে উত্তর বাড্ডা থেকে উদ্ধার করা অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম কবির উদ্দীন (২২)। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। বাবা জমিরউদ্দীন। গত সোমবার বিকেলে ৬/৫৮ উত্তর বাড্ডার বাসার দোতলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন ছিল। দুই পা ভাঙা ও হাত-পা নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল।নিহত ব্যক্তির ফুফাতো ভাই শাহেদ আলী গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করেন। তিনি জানান, গত ছয়-সাত মাস ধরে পরিবারের সঙ্গে নিহত ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বাড়িওয়ালা পুলিশকে জানিয়েছেন, তাঁরা চারজন দোতলায় থাকতেন। গত সোমবার গন্ধ বের হতে থাকলে তিনি পুলিশকে খবর দেন। সোমবার রাতে মিরপুর বেড়িবাঁধসংলগ্ন স্লুইসগেট এলাকায় অজ্ঞাত (২৫) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে ছিল প্রিন্টের সালোয়ার ও নীল জামা। তাঁর বাম চোখ ও ঠোঁটে কাটা জখম রয়েছে।