সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী-কলাপাড়া সড়কের বান্দ্রা এলাকায় আজ রোববার সকালে যাত্রীবাহী বাসের চাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁরা হলেন—সিদ্দিকুর রহমান জমাদ্দার (৩০) ও আবদুল হক মিয়া (৫৫)। ব্যবসায়ীরা মোটরসাইকেল আরোহী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে ব্যবসায়ী সিদ্দিকুর রহমান ও আবদুল হক মোটরসাইকেলে কলাপাড়া থেকে পটুয়াখালী যাচ্ছিলেন। তাঁরা আমতলী-কলাপাড়া সড়কের বান্দ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত সিদ্দিকুরের বাড়ি কলাপাড়া উপজেলার কোমরপুর গ্রামে এবং আবদুল হকের বাড়ি স্বরূপকাঠী উপজেলার নেছারাবাদ গ্রামে।’ তিনি বলেন, স্থানীয় লোকজন বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আমতলী থানায় একটি মামলা হয়েছে।