সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাইয়ের বিয়ের সামগ্রী নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শফিকুল ইসলাম (২১) ও আবুল হোসেন (২০)। কিন্তু বেপরোয়া গতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মুহূর্তেই সব শেষ হয়ে যায়। আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হন। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কে তালগাছী করতোয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজ দুপুরে শফিকুল ও আবুল মোটরসাইকেলে বড় ভাইয়ের বিয়ের কাপড় ও প্রসাধনী নিয়ে উল্লাপাড়া উপজেলার সিংহগাতী গ্রামে যাচ্ছিলেন। তালগাছী করতোয়া কলেজের সামনে পৌঁছানোর পর পাবনাগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলসহ তাঁদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার প্রথম আলো অনলাইনকে বলেন, মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে।