সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। গতকাল শনিবার পোস্তগোলায় একটি কাভার্ড ভ্যান একটি বেসরকারি কলেজের ছাত্রী লায়লাতুল জাকিয়াকে (২১) চাপা দেয়। শুক্রবার মধ্যরাতে বনানীর চেয়ারম্যানবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিবুল হাসান (২৪) নিহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেসরকারি ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজে ব্যবসায় প্রশাসন (বিবিএ) প্রথম বর্ষের ছাত্রী জাকিয়া তাঁর স্বামী শামীমের সঙ্গে বেলা দুইটার দিকে মোটরসাইকেলে পূর্ব কদমতলীর বাসায় ফিরছিলেন। পোস্তগোলায় আসার পর একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনের অংশ ভ্যানের নিচে পড়ে। সাইকেলের পেছনে থাকা জাকিয়া ভ্যানের চাকায় পিষ্ট হন, তাঁর শরীর থেঁতলে যায়। আহত হন জাকিয়ার স্বামী।ঘটনাস্থল কাছে হওয়ায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান এবং জাকিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন লাশ দেখতে হাসপাতালে যান।কদমতলী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) প্রথম আলোকে বলেন, ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যান।হাসপাতালে জাকিয়ার স্বামী শামীম সাংবাদিকদের বলেন, আজিমপুর থেকে জাকিয়াকে নিয়ে শ্বশুরের কদমতলীর বাসায় ফিরছিলেন। তাঁর দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। তিনি বলেন, দাঁড়িয়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু দেখা ছাড়া তাঁর আর কিছুই করার ছিল না। দুর্ঘটনায় তাঁরও হাত-পা ছিলে গেছে।জাকিয়ার বাবা ঠিকাদার জাকির হোসেন বলেন, সন্তানদের লেখাপড়া করাতে গ্রামের সবকিছু ফেলে ঢাকায় এসেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এখন আমার সব শেষ হইল।’জাকিয়া তাঁর মা-বাবার সঙ্গে ১২৯০, পূর্ব কদমতলীতে থাকতেন। সাত মাসে আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শামীমের সঙ্গে তাঁর বিয়ে হয়। আগামী বছর তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে তুলে নেওয়ার কথা ছিল। তিনি ছিলেন মা-বাবার একমাত্র মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার চরগাদাতলীতে। বিকেলে স্বজনেরা পুলিশের অনুমতি নিয়ে হাসপাতাল থেকে লাশ নিয়ে যান।অপর দুর্ঘটনায় শুক্রবার মধ্যরাতে বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র রাকিবুল হাসান মারা গেছেন। এ সময় আহত হন তাঁর দুই বন্ধু সাইফুল ইসলাম (২৪) ও মো. সৈকত (২৪)।সাইফুল হাসপাতালে সাংবাদিকদের জানান, তাঁরা তিন বন্ধু ধানমন্ডি থেকে উত্তরার বাসায় ফিরছিলেন। সাইফুল গাড়িটি চালাচ্ছিলেন। বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় একটি ট্রাক তাঁর গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তাঁরা তিনজনই আহত হন।গুলশান থানার উপপরিদর্শক মো. গিয়াস উদ্দিন জানান, রাত দুইটার দিকে রাকিবুল ও সাইফুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়। ট্রাকচালককে খুঁজে পাওয়া যায়নি।নিহত রাকিবুলের বাবার নাম বশির আহমেদ। তিনি সপরিবারে রাজধানীর বেইলি রোডে থাকতেন।গতকাল দুপুরে রমনার অফিসার্স ক্লাবের সামনে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কামরুল হাসান (২৬) মারা যান। চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন।আহত কামরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর বাবার নাম মো. কয়েস। গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলের ধর্মপুরে।