সড়ক দুর্ঘটনায় দুই সচিব নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয়ে আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এঁরা হলেন—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। দুর্ঘটনায় গাড়িচালকসহ দুজন আহত হন। পুলিশ জানিয়েছে, রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপালগঞ্জ যাচ্ছিলেন। তাঁদের বহনকারী গাড়ি শিবালয়ের উথুলি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির আরোহী রাজিয়া বেগম, সিদ্দিকুর রহমান, রাজিয়া বেগমের দেহরক্ষী পুলিশ কনস্টেবল ফজলু ও গাড়িচালক আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁদের উথুলি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিত্সকেরা রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।মানিকগঞ্জের পুুলিশ সুপার মাসুদ করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রাজিয়া বেগমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর প্রথম জানাজা বেলা তিনটায় শেরেবাংলা নগর গণভবন স্টাফ কোয়ার্টারে অনুষ্ঠিত হবে। সচিবালয় সূত্র জানায়, বিকেল পাঁচটায় রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমানের জানাজা সচিবালয়ের মসজিদে সম্পন্ন হবে। দুজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রশাসন সার্ভিসেস অ্যাসোসিয়েশন।