সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও বগুড়ার শেরপুরে আজ শুক্রবার পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহীসহ ১০ জন নিহত হয়েছেন।সিরাজগঞ্জ: আজ বিকেল পৌনে পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি নামক স্থানে ঢাকাগামী একটি বাস উল্টে পাঁচজন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন বাসযাত্রী ও একজন পথচারী বলে জানা গেছে। তবে এখনো নিহত ব্যক্তিদের কোনো পরিচয় জানা যায়নি।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন বলেন, এক পথচারীকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ দুর্ঘটনা ঘটায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে, আজ দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের আলোকদিয়া ব্রিজের কাছে একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া (১৯) ও সোহেল রানা (২০) নামের মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। তাঁরা দুজনই আলমপুর তাঁত কারখানার শ্রমিক ছিলেন।এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এছাড়া সিরাজগঞ্জের মহিষলুটিতে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় কাকলী খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।হাটিকুমরুল থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, আজ সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটিতে ঢাকা থেকে নাটোরগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস কাকলীকে চাপা দিয়ে পালিয়ে যায়।শেরপুর: আজ মোটরসাইকেলযোগে কীর্তন সিং (১৪) ও বিপ্লব (২৮) নামের দুজন ব্যক্তি শেরপুরের ছোনকা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই কীর্তন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।