সড়ক দুর্ঘটনায় নিহত ৩, অবরোধ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গত দুদিনে এক কারখানা শ্রমিকসহ তিনজন নিহত হয়েছে। এসব ঘটনায় বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে।নিহত ব্যক্তিরা হলো, কারখানার শ্রমিক সিরাজগঞ্জ সদর উপজেলার একঢালা এলাকার আমীর হোসেন (২৭), কালিয়াকৈরের সাহেববাজার এলাকার বজ গোপাল ঘোষ (৫০) ও ময়মনসিংহের পাগলার পাইফল গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে মেঘলা (৭)।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় স্টারলিংক ডিজাইন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক আমির হোসেন তাঁর স্ত্রীসহ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে আমির হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রাতেই আমির হোসেন মারা যান। তাঁর স্ত্রী মাহমুদা এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।আজ শনিবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে ওই ঘটনাটি জানতে পারেন। পরে কারখানার সাড়ে তিন হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে সকাল সাড়ে আটটার দিকে মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পাঁচ-সাতটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি ও থানার পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে নয়টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ব্যবসায়ী বজ গোপাল ঘোষ (৫০) রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল আটটার দিকে তিনি মারা যান। তিনি কালিয়াকৈর বাজারের মিষ্টি ব্যবসায়ী ছিলেন।শ্রীপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় আজ সকাল সাড়ে আটটার দিকে মেঘলা নামের এক শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ির ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।