সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বুরিবাড়ী নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: বাসের সুপারভাইজার সাইদুর (৩৫), যাত্রী পরিমল রায় (২২) ও কোচের চালকের সহকারী (৩০)। সহকারীর নাম এখনো জানা যায়নি। পরিমল ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএর ছাত্র বলে জানা গেছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের যাত্রীবাহী একটি কোচ মহাসড়কের ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে ধাক্কা মেরে পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সাইদুর ও কোচের চালকের সহকারী মারা যান। হাসপাতালে নেওয়ার পর যাত্রী পরিমলের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ট্রাকটি ওই জমিতে পড়লেও এতে কেউ ছিল না।