সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকের চালক সোহান (৩০), চালকের সহকারী ইকবাল (২১) ও চট্টগ্রামগামী ট্রাকের চালক মামুন (২৮) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সোহানের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়; ইকবালের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবং মামুনের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে। একই মহাসড়কে সকাল ছয়টার দিকে দাউদকান্দি উপজেলার রায়পুরে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান; আহত হন পাঁচজন। নিহত বাসযাত্রীর নাম তৌহিদুল ইসলাম। তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সোনাইখামার গ্রামে।আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। দুর্ঘটনায় পড়া গাড়ি ও মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, দাউদকান্দি ও চান্দিনায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৫ জন।