সড়ক দুর্ঘটনায় নিহত ৪
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া ও নাটোরে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা যায়। পুলিশ জানায়, আজ সকাল নয়টার দিকে আব্দুল্লাহপুর বাইপাইল সড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সহোদর দুই মটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। তাঁরা হলেন-সাদ্দাম হোসেন ও আরাফাত হোসেন। সাদ্দামকে স্থানীয় নাইটিঙ্গেল হাসপাতালে ভর্তি করার পরে তিনি মারা যান। অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তারা সিরাজগঞ্জ থেকে মটর সাইকেলযোগে রাজধানীর উত্তরার দিকে যাচ্ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে বলেন, যাত্রীবাহী একটি বাস মটর সাইকেলটিকে চাপা দেওয়ার ঘটনায় আহত দুই ভাই পরে মারা যান।আজ দুপুরে নাটোর সদর উপজেলার গাজিরবিল এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছে।নাটোর থানার পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে বারটার দিকে গাজিরবিল এলাকায় নাটোর-বনপাড়া সড়কে যাত্রীবাহী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত দুজনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁরা মারা যান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত দুজনের পরিচয় জানা যায়নি। বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।