চালক হয়তো চিনতে পারেননি। তাই দ্রুতগতিতে যেমন চালাচ্ছিলেন, তেমনিই চালিয়ে এনে সংঘর্ষ বাধালেন গাড়িটির সঙ্গে। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির গুরুত্বপূর্ণ যাত্রী। পুলিশ অবশ্য চালককে আটক করেছে। গাড়িতে ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতিও। এ সংগঠনটি কিছুদিন আগেও দুর্ঘটনার জন্য আটক চালককে মুক্তি দিতে আন্দোলন শুরু করেছিল। তবে এবার সংগঠনের কার্যকরী সভাপতি চালকের মুক্তি চাইলেন না। যদিও এর আগে চালকদের লাইসেন্স পাওয়ার যোগ্যতার ব্যাপারে ‘গরু-ছাগল চিনতে পারলেই হলো’ বক্তব্য দিয়েছিলেন নৌমন্ত্রী।গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মাদারীপুরের টেকেরহাটসংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে নৌমন্ত্রী অক্ষত থাকলেও আহত হয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী। নৌমন্ত্রীর গাড়ির ধাক্কায় হাত ভেঙে গেছে একজন নারীর। দুর্ঘটনার পর নৌমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘সড়কের সব জায়গায় স্পিডে চালানো ঠিক নয়, কন্ট্রোল করে চালানো ভালো। তাই আমি চালকদের প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছি।’দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের কাওরাকান্দি ফেরিঘাটে পার্কিং ইয়ার্ডের নির্মাণকাজ পরিদর্শন শেষে রাজৈর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভায় যোগ দিতে যাচ্ছিলেন মাদারীপুর-২ (রাজৈর উপজেলা ও সদর উপজেলার একাংশ) আসনের সাংসদ শাজাহান খান। দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর সরকারি প্রাডো গাড়ির সংঘর্ষ হয়। বাসটি সামনে থাকা মাদারীপুর সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সকেও ধাক্কা দেয়। এতে নৌমন্ত্রীর গাড়ির ডানপাশ হালকা দেবে যায়। প্রাণ বাঁচাতে নৌমন্ত্রীর গাড়ির চালক দ্রুত গাড়ি রাস্তার বাঁ পাশে চাপান। ধাক্কা খেয়ে পথচারী সূর্যধান (৪০) নামের একজন নারীর হাত ভেঙে যায়। সামান্য আহত হন নৌমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম। দুর্ঘটনার পর পর সাকুরা পরিবহনের চালক শহিদুল ইসলামকে বাসসহ আটক করে পুলিশ। নৌমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে মৃত্যু দেবে, তখন যেখানেই হোক, তার মৃত্যু হবে। ঘরের মধ্যে বসে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। পানিতে ডুবে মরতে পারে, রোড অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারে। যেমন—কয়েক দিন আগে জাপানের মতো জায়গায় ৪২ জন লোক সড়ক দুর্ঘটনায় মারা গেল।’ আটক বাসচালক সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আইনানুগভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার, তা-ই নেওয়া হবে।’দুর্ঘটনার পর ওই গাড়ি নিয়ে রাজৈর ডিগ্রি কলেজে যান নৌমন্ত্রী। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি সেখানে রেখে নৌমন্ত্রী মাদারীপুরের জেলা প্রশাসকের গাড়িতে পতাকা লাগিয়ে ওঠেন এবং কলেজ ত্যাগ করেন।বাসচালকের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হাসান জানান, ‘দ্রুতগতিতে বেপরোয়া গাড়ি চালানোয় চালক শহিদুলের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৯ ধারা, দুর্ঘটনায় মারাত্মক জখম করার জন্য ৩৩৮(ক) ধারা এবং ক্ষয়ক্ষতি করার জন্য ৪২৭ ধারায় মামলা করেছে পুলিশ।’