সড়ক দুর্ঘটনায় পঙ্গুদের যথার্থ ক্ষতিপূরণ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বা পঙ্গু লোকদের ক্ষতিপূরণের ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ জীবনের ব্যয়ভারের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মত হচ্ছে, সড়ক দুর্ঘটনায় পঙ্গু ব্যক্তি শুধু তার বর্তমান জীবনখরচ বা উপার্জনক্ষমতাই হারায় না, বরং ভবিষ্যতের জন্যও কর্মক্ষমহীন হয়ে যেতে পারে। তাই দুর্ঘটনা-সংক্রান্ত ট্রাইব্যুনালকে বিষয়টি বিবেচনা করেই ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে।বিচারপতি জি এস সিংভি এবং এ কে গাঙ্গুলির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন সম্প্রতি। তাঁদের মন্তব্য হচ্ছে, ‘সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত ক্ষতিপূরণের ক্ষেত্রে আইনবিজ্ঞানের ধারাকে যুগোপযোগী করা উচিত। ক্ষতিপূরণের মাত্রা অবশ্যই যথোপযুক্ত হতে হবে। একে অস্বাভাবিকভাবে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই।’ভারতের কর্ণাটক রাজ্যের কৃষ্ণাপা নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। এতে তিনি তাঁর স্বাভাবিক উপার্জনক্ষমতা হারিয়ে ফেলেন। ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল তাঁকে এক লাখ ৫৫ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। তিনি এ আদেশ যথার্থ নয় বলে এর বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ক্ষতিপূরণের মাত্রা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার রুপি নির্ধারণ করেন। কিন্তু তাও পর্যাপ্ত নয় বলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আদেশ দেন যে ট্রাইব্যুনালকে ক্ষতিপূরণের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনার ক্ষতি সম্পর্কে যথার্থ ওয়াকিবহাল থাকা উচিত এবং সে অনুযায়ীই ক্ষতিপূরণ প্রদান করা উচিত।পঙ্গু কৃষ্ণাপা ছিলেন একটি কারখানার কর্মচারী। আদালতের মন্তব্য হচ্ছে, একজন সাধারণ কর্মচারী দেশের দুর্বল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। তাঁর এ অপূরণীয় ক্ষতি ও পঙ্গুজীবন সম্পর্কে গভীরভাবে ভাবতে হবে। এতে তাঁর উপার্জনক্ষমতাই নষ্ট হয়ে যায়নি, তিনি মানসিকভাবেও যে ক্ষতিগ্রস্ত হলেন কিংবা তাঁর পরিবার যে বিপদের মুখোমুখি হলো সারা জীবনের জন্য তা নির্ধারণের কোনো মাপকাঠি নেই। হাইকোর্টকেও ভবিষ্যতে এ রকম দুর্ঘটনায় সাধারণ কর্মজীবী মানুষের ক্ষতিপূরণের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রায় বিবেচনা করার জন্য বলেন সুপ্রিম কোর্ট।বিচারপতি গাঙ্গুলি তাঁর রায়ে লেখেন, ‘সড়ক দুর্ঘটনায় পঙ্গু লোকদের ক্ষতিপূরণের মাত্রা নির্ধারণের ক্ষেত্রে তাঁর শারীরিক ক্ষতির কথা চিন্তা করলে হবে না; বিবেচনা করতে হবে তাঁর মানসিক ও উপার্জন ক্ষতির দিকটিও। একজন দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী ব্যক্তির অধিকার রয়েছে তাঁর শারীরিক ও মানসিক ক্ষতি যতটা পূরণ করা সম্ভব, সে অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া। যদিও এ ক্ষতি অপূরণীয়। দীর্ঘ জীবন-পরিক্রমার সঙ্গে উপার্জনের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। এটিই যদি নষ্ট হয়ে যায়, এর প্রভাব জীবনযাত্রাকে ব্যাহত করবেই।’ —ইন্টারনেট অবলম্বনে