সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নিহত ৩
কুমিল্লার বুড়িচং উপজেলার সাহেববাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন হলেন আবু নাসের (২২)। সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। অন্য দুজনের পরিচয় জানা যায়নি; তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। তাঁদের লাশ ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।