সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত
রাজধানীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।আজ শনিবার দুপুরে নগরীর পোস্তগোলার প্রথম বুড়ীগঙ্গা সেতুর কাছে একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আইআইসি ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্রী লায়লাতুল জাকিয়া ওরফে রিমা (২১) নিহত হন। এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএর ছাত্র রাকিবুল হাসান (২৪) নিহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আইআইসির (ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি) ব্যবসায় প্রশাসন (বিবিএ) প্রথম বর্ষের ছাত্রী জাকিয়া তাঁর স্বামী শামীমের সঙ্গে আজ বেলা পৌনে দুইটার দিকে মোটরসাইকেলে পূর্ব কদমতলীর বাসায় ফিরছিলেন। চীন-মৈত্রী সেতুর কাছে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান জাকিয়াকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। একপর্যায়ে মোটরসাইকেলের পেছনের অংশ কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে জাকিয়ার সারা শরীর থেঁতলে যায়। গুরুতর আহত হন জাকিয়ার স্বামী শামীম হাওলাদার। পরে জাকিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কদমতলী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) প্রথম আলোকে জানান, কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।এদিকে অন্য এক দুর্ঘটনায় শুক্রবার মধ্যরাতে নর্থ সাউথ ইউনির্ভাসিটির এমবিএর ছাত্র রাকিবুল হাসান তাঁর দুই বন্ধু সাইফুল ইসলাম (২৪) ও সৈকতকে (২৪) নিয়ে গাড়ি চালিয়ে ধানমন্ডি থেকে উত্তরার বাসায় যাচ্ছিলেন। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় তাঁর গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে তিনজনই আহত হন।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন জানান, রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক রাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।