সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাংশা উপজেলার বাংলাদেশ হাটে আজ মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন। তাদের চাপা দেওয়া ট্রাকটিতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিলে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।নিহতরা হলো পাংশা উপজেলাধীন মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামের জুলেখা বেগম (২২) ও তাঁর চার বছরের শিশুকন্যা টুকটুকি।আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।প্রত্যক্ষদর্শী ও পাংশা থানা পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জুলেখা তাঁর শিশুকন্যা টুকটুকি ও ভাশুরের ছেলে লিটন মোল্লাকে (২১) সঙ্গে নিয়ে রাজবাড়ীতে বেড়ানোর উদ্দেশে ভ্যানযোগে বাংলাদেশ হাটে পৌঁছান। এ সময় রাজবাড়ীগামী বালুবোঝাই একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হয়। গুরুতরভাবে আহত হন লিটন ও ভ্যানচালক মাহাতাব মোল্লা (৪০)।পাংশা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ট্রাকটিতে ক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নেভায়। লাশ দুটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের চিন্তা চলছে। ট্রাকের চালক পলাতক।