সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য অসতর্ক গাড়িচালকের শাস্তি তিন বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করা হবে। যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রস্তাব পাঠালে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।গতকাল রোববার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ তারানা হালিমের এক নোটিশের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন। তারানা হালিম তাঁর নোটিশে বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা বুক চাপড়ে মরলেও ঘাতক বাসচালক আইনের ফাঁকে বের হয়ে যায়। একজন ঘাতক জামিনযোগ্য আইনের ধারায় বের হয়ে যায় এবং আইন আদালত করে তা কিছুতেই ঠেকানো যায় না। তাই আইনের সংশোধন প্রয়োজন।নোটিশে সাংসদ তারানা হালিম দুর্ঘটনায় মৃত্যু ঘটলে শাস্তির বিধান ৩০৪(খ) সংশোধন করে অজামিনযোগ্য করার সুপারিশ করেন। একই সঙ্গে শাস্তির মাত্রা তিন বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করার সুপারিশ করা হয়।জবাবে আইনমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় বেশির ভাগ মৃত্যুই ঘটে চালকদের অসাবধানতায়। কিন্তু আইনের দুর্বলতার কারণে গাড়িচালক হত্যাকারী জামিনে বের হয়ে যায়। আর সাজা হলেও তা সর্বোচ্চ তিন বছর। দণ্ড কম থাকায় চালকদের মধ্যে কোনো ভীতি সৃষ্টি হয় না। এ জন্য এ আইনটি সংশোধন করা প্রয়োজন। এ আইন প্রণয়নে তিনি উদ্যোগী হবেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।