সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী চালকের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড : আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য অসতর্ক গাড়িচালকের শাস্তি তিন বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। যোগাযোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তাব পাঠালে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ তারানা হালিমের এক নোটিশের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন। তারানা হালিম তাঁর নোটিশে বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা বুক চাপড়ে মরলেও ঘাতক চালকেরা আইনের ফাঁকে বের হয়ে যান। একজন ঘাতক জামিনযোগ্য আইনের ধারায় বের হয়ে যাওয়াকে আদালত কোনোভাবেই ঠেকাতে পারছেন না। তাই আইনের সংশোধনী প্রয়োজন।নোটিশে তিনি দুর্ঘটনায় মৃত্যু ঘটলে শাস্তির বিধান ৩০৪(খ) সংশোধন করে অজামিনযোগ্য করার সুপারিশ করা হয়। একই সঙ্গে শাস্তির মাত্রা তিন বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করার সুপারিশ করা হয়।জবাবে আইনমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় বেশির ভাগ মৃত্যুই ঘটে চালকদের অসাবধানতায়। কিন্তু আইনের দুর্বলতার কারণে হত্যাকারী গাড়িচালক জামিনে বের হয়ে যান। আর সাজা হলেও তা হয় সর্বোচ্চ তিন বছর। দণ্ড কম থাকায় চালকদের মধ্যে তা কোনো ভীতির সৃষ্টি করতে পারে না। এ জন্য আইনটি সংশোধন করা প্রয়োজন।এ আইন প্রণয়নে উদ্যোগী হবেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে তিনি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন।