সড়ক দুর্ঘটনায় মেয়েসহ শ্যুটার ফিরোজের মৃত্যু
খবরটা শহরে পৌঁছা মাত্র ভারী হয়ে উঠল বাতাস। পাবনা পৌর সদরের গোপালপুর লাহিড়ী পাড়ার বাড়িতে মানুষের ভিড়। কান্নায় ভেঙে পড়ছিলেন স্বজনেরা। তখন বেলা তিনটা। বাড়িতে এসে পৌঁছাল লাশের গাড়ি। যেন স্তব্ধ হয়ে গেল সব। এরপর শুধু কান্না আর কান্না।সাফ গেমস ও সার্ক শ্যুটিংয়ে সোনাজয়ী শ্যুটার ও জাতীয় শ্যুটিং ফেডারেশনের সাবেক কোচ ফিরোজ হোসেন পাখির (৩৮) বাড়ির দৃশ্য এটি। সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন ও তাঁর মেয়ে পুষ্পিতা হোসেনের (৩) মর্মান্তিক মৃত্যুই তাঁর বাড়িতে গতকাল বুধবার এমন দৃশ্যের অবতারণা করল। একই ঘটনায় তাঁদের গৃহপরিচারিকা আয়না খাতুনেরও (১৮) মৃত্যু হয়েছে।নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর বিল এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ফিরোজ হোসেনের স্ত্রী ও সাবেক শ্যুটিং প্রশিক্ষক লাভলী চৌধুরী আঁখিও (৩০) আহত হয়েছেন। তিনিসহ আহত আরও চারজনকে নাটোরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ফিরোজ হোসেনের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে ফিরোজ হোসেন সপরিবারে ব্যক্তিগত গাড়িযোগে পাবনা থেকে ঢাকায় ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর বিলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পুষ্পিতা ও আয়নার মৃত্যু হয়।ফিরোজ হোসেন ও তাঁর মেয়ের মৃত্যুর খবরে পাবনা শহরে শোকের ছায়া নেমে আসে। নিহতদের আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা লাহিড়ী পাড়ার বাড়িতে ভিড় জমান। বেলা তিনটায় লাশগুলো বাড়িতে পৌঁছায়। পাবনা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম জানান, ফিরোজ হোসেন ১৯৯০ সালে পাবনা রাইফেল ক্লাবের মাধ্যমে শ্যুটিংয়ে আসেন। এরপর আন্তক্লাব প্রতিযোগিতায় মাধ্যমে জাতীয় স্তরে নজর কাড়েন। পরের বছর ঢাকার গুলশান শ্যুটিং ক্লাবে যোগ দেন। ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে এবং ১৯৯৭ ও ২০০১ সালে সাফ শ্যুটিংয়ে বাংলাদেশের হয়ে ১০ মিটার এয়ার রাইফেলে দলীয় সোনা জেতেন। মৃত্যুর আগ পর্যন্ত সেনাবাহিনী শ্যুটিং অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক ছিলেন তিনি। বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন ই আলম বলেন, এ ব্যাপারে বনপাড়া থানায় মামলা হয়েছে। নাটোর আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক ট্রাকচালককে ধরার চেষ্টা চলছে।