সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে ভাঙচুর, অগ্নিসংযোগ
রাজধানীর ইডেন কলেজের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে বাসে চাপায় অজ্ঞাত এক যুবক মারা গেছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আজিমপুরে ইডেন কলেজের ২ নম্বর ফটকের সামনে অজ্ঞাত পরিচয় এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাবতলী-সদরঘাটের ৭ নম্বর রুটের একটি বাস ওই যুবককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি বেলা সোয়া দুইটার দিকে মারা যান।বাসটি ওই যুবককে পিষ্ট করার পর আশপাশের লোকজন ছুটে এসে বাসটি ভাঙচুর করে। এর আগেই বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। লালবাগ থানা পুলিশ পরে এলাকার যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বরকত আলী প্রথম আলোকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বাসটি রেকার দিয়ে টেনে থানায় নিয়ে যাওয়া হয়।