সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ৩
মৌলভীবাজার ও মেহেরপুরে গতকাল রোববার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগের নেতাসহ তিনজন নিহত হয়েছেন।মৌলভীবাজার: জেলার আছুরিঘাট এলাকায় গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় যুবলীগের এক নেতা নিহত ও তিনজন আহত হয়েছেন। কুলাউড়া-জুড়ী সড়কে এ ঘটনা ঘটে।ওই নেতার নাম বাবুল আহমদ (৩৮)। তাঁর বাড়ি জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে। তিনি যুবলীগের জুড়ী উপজেলার কার্যকরী কমিটির সহসভাপতি ছিলেন।প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত নয়টার দিকে কুলাউড়া থেকে জুড়ীগামী একটি ব্যক্তিগত গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি আছুরিঘাটে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িটির যাত্রী বাবুলের মৃত্যু হয়।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ব্যক্তিগত গাড়ির চালক, যাত্রী আনোয়ার (৩০) ও নাসির (৩২) আহত হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মেহেরপুর: শহরের পুরাতন দরবেশপুর এলাকায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে গতকাল রাতে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লাল্টু (৩৫) ও মারফত (৩০) নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, মেহেরপুর থেকে যাত্রীবাহী নছিমন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে দরবেশপুর এলাকায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ও মেহেরপুর প্রতিনিধি)