সড়ক দুর্ঘটনায় শাস্তি ও জরিমানা বাড়বে
সড়ক দুর্ঘটনা রোধে নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। ‘রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট’ নামের প্রস্তাবিত নতুন এ আইনটি এক সপ্তাহ পর ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের মতামত নেওয়া হবে। আর ডিসেম্বরের মধ্যে আইনটি মন্ত্রিসভায় অনুমোদন শেষে আগামী বছরের জানুয়ারি মাসে সংসদে উপস্থাপন করা হবে। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে এ আইনটি নিয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রস্তাবিত এ আইনটিতে অপরাধের ধরন ও সংখ্যা বাড়ানো হয়েছে। তা ছাড়া সড়কে বেপরোয়া গাড়ি চালানোর জন্য শাস্তি দুই বছর এবং জরিমানা ১০ হাজার টাকার বিধান রাখা হচ্ছে। তবে অর্থমন্ত্রীর মতে, এ শাস্তির মেয়াদ সাত বছর ও জরিমানা কয়েক গুণ করা প্রয়োজন। যখন ওয়েবসাইটে প্রস্তাবিত এ আইনটি দেওয়া হবে, তখন তিনি এ মতামত দেবেন বলে জানান।সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে আগের মতোই দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী যে শাস্তির বিধান রয়েছে, তা বহাল থাকবে। প্রস্তাবিত আইনে ২২টি অধ্যায়ে ৩৭১টি ধারা রয়েছে। বর্তমানে প্রচলিত যে মোটরযান অধ্যাদেশ রয়েছে, তা মূলত ১৯৩৯ সালে প্রণীত। পরে ১৯৮৩ সালে সংশোধন করা হয়। কিন্তু এ আইনটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত অপর্যাপ্ত হওয়ায় আবার নতুন আইন করা হচ্ছে। সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও উপস্থিত ছিলেন। বর্তমানে প্রচলিত আইনটির নাম মোটরযান অর্ডিন্যান্স ১৯৮৩।