সড়ক দুর্ঘটনায় শিক্ষক, চিকিত্সক ও প্রকৌশলী নিহত
কুমিল্লা ও চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার ও আজ সোমবার তিনজন পেশাজীবী নিহত হয়েছেন। আহত হয়েছে নয়জন।নিহতেরা হলেন—কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম (৫৬), চাঁদপুর মতলব উত্তরের কালীপুরা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক ফাহমিদুল শরিফ তুষার (৩২) এবং বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের অপারেটর প্রকৌশলী জুবায়ের আলম (৩২)।দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, আজ সকাল ১০টার দিকে দাউদকান্দির দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নোয়াখালীগামী বিলাস পরিবহনের একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শিক্ষক নূরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিনযাত্রী।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাশুক মিয়া জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।দাউদকান্দি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর দাসবাড়ী এলাকায় একটি ট্রাক ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষে এয়ারটেলের প্রকৌশলী জুবায়ের আলম নিহত হন। তাঁর বাড়ি জামালপুর জেলায়। এ দুর্ঘটনায় আহত ফিরোজ আলম (২২) ও নূরুল ইসলাম (২৯) চাঁদপুর সদর হাসপাতালে এবং কামাল হোসেনকে (৪০) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ফরিদগঞ্জ থানার এসআই সেলিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি জানান, গতকাল বিকেলে মতলব উত্তর-দাউদকান্দি সড়কের মান্দাতলীতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চিকিত্সক ফাহমিদুল শরিফ তুষার মারা যান। এ সময় প্রাইভেটকারে থাকা তাঁর মা ও স্ত্রী এবং চালক গুরুতর আহত হন। তাঁরা মতলব হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী শিকদার জানান, চিকিত্সক পরিবার ঢাকা থেকে চাঁদপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।