সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও সেনাসদস্যসহ ১২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক ও দুই সেনাসদস্যসহ ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০০ জন। এর মধ্যে নরসিংদীর রায়পুরায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয়েছে পাঁচজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভৈরব (কিশোরগঞ্জ): ঢাকা থেকে ছেড়ে আসা প্রত্যাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল দুপুর ১২টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গলী শিবপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি সেতু অতিক্রম করছিল। এ সময় বাসটি অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে থেমে যায়। ওই বাসটির পেছনে আসছিল সিলেটগামী জেবি পরিবহনের আরেকটি বাস। জেবি পরিবহনের বাসটি অতিক্রমের সময় ভৈরবগামী বাসটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে রেলিং ভেঙে প্রত্যাশা পরিবহনের বাসটির সামনের অংশ সেতুর বাইরে চলে যায়। এ সময় বাসটির ছাদের ওপরের যাত্রীরা ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। আহত হয় ৪০ জন।নিহত যাত্রীদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রায়পুরা উপজেলার বাহারচর এলাকার আবদুল হাই (৭৫), শিবপুর উপজেলার বনাইয়া গ্রামের আফিবা বেগম (৩৮) ও সদর উপজেলার কামারগাঁও গ্রামের আনোয়ার হোসেন (২৭)। সবার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় সুমন চক্রবর্তী (২০), আনোয়ার হোসেন (৩২), নার্গিস বেগম (৩২), অঞ্জনা (২২), তাজুল ইসলাম (২৪), রাজীব মিয়া (২১), রফিক মিয়া (৪০), হযরত আলী (৩৪) ও জহির মিয়াকে (২৫) ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদী সদর হাসপাতাল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন জানায়, দুর্ঘটনার পর ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এজাজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪২) গতকাল সকালে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি স্থানীয় বেলতলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। এতে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।এদিকে গতকাল সকালে একই মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর ল্যান্স করপোরাল সালাউদ্দিন (৪০) ও মিজানুর রহমান (৩৮) মারা যান। নিহত সালাউদ্দিনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায় ও মিজানুরের বাড়ি ঢাকায়। একই ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনোয়ার হোসেন (৫৫) ও সার্জেন্ট জিয়াসহ (৪০) আরও কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশাল উপজেলার বইলর চরপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪৫ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়। তাঁদের একজন বাবর আলী (৬০)। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। আরেকজনের পরিচয় মেলেনি।দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নারায়ণগঞ্জ: জেলার বন্দর উপজেলার মদনপুরের দেওয়ানবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল ভোরে ঢাকাগামী আল সৈয়দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক গগন কুমার (৩০) ও যাত্রী ফরিদ আলম মারা যান।