সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রানীগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রোববার রাত আটটার দিকে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ার হাট থেকে যাত্রীবাহী ভ্যান রানীনগর গ্রামে যাচ্ছিল। পথে বগুড়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ভ্যানচালক হায়দার (৩০) নিহত হন। গুরুতর আহত বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক আকতার হোসেন (৪৩) ও কলেজছাত্র এরশাদ আলীকে (২২) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১২টার দিকে তাঁদের মৃত্যু হয়। মাইক্রোবাসটিকে আটকানো সম্ভব হয়নি বলে তিনি জানান।