সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত, ৪ দিনের অবরোধ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বাসের চাপায় স্কুলশিক্ষক নিহত হওয়ার প্রতিবাদে আজ রোববার করিমগঞ্জের সব উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চার দিনের সড়ক অবরোধের ডাক দেয়। ফলে সকাল থেকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সকাল নয়টার দিকে শহরের নিউটাউন এলাকার বাসা থেকে করিমগঞ্জের পিটুয়া উচ্চবিদ্যালয়ে যাওয়ার পথে স্কুলশিক্ষক শামসুল ইসলাম (৩৬) বাসের চাপায় নিহত হন।আজ বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট সড়কের নেয়ামতপুর নামক স্থানে শিক্ষক ও শিক্ষার্থীরা চার কিলোমিটার দীর্ঘ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। করিমগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এতে চামড়াঘাট হয়ে ২২টি উপজেলা, জেলা সদর ও রাজধানী ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। এ সড়কে চলাচলকারী যাত্রীদের রিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত টমটমে করে চলাচল করতে দেখা গেছে।করিমগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান জানান, নিরাপদ সড়ক এবং অবিলম্বে বাসচালককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে করিমগঞ্জের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালন করে।পুলিশ করিমগঞ্জ থেকে বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত স্কুলশিক্ষকের গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলার চানপুর গ্রামে।