সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাঁরা হলেন স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার (৪৫) ও জিন্দার শেখ (৫০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত নয়টার দিকে নড়াইলের ভবানীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মকর্তা প্রকাশ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মুনমুন কাবারের সামনের সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিলে তিনি একটি গাড়ির ওপর লাফ দেন। এতে তিনি গাড়িটির কাচ ভেঙে চালকের ওপর পড়ে যান। এ অবস্থায় চালক দুই কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরার কাছে গাড়ির মধ্যে লাশ ফেলে পালিয়ে যান। পরে বিমানবন্দর থানার পুলিশ প্রাইভেট কারটি আটক করে। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।নিহতের শ্বশুর সুশীল কুমার জানান, সোমবার রাতে প্রকাশ তাঁর এক আত্মীয়কে বিমানে তুলে দিয়ে বাসায় ফিরছিলেন। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।এদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে গাবতলী দীপনগর কাঁচাবাজারের রাস্তার পাশে জিন্দার শেখ নামের এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। জিন্দার শেখের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সুনঙ্গার রায়হাটিতে। তাঁর বাবার নাম ইউনুস শেখ।