সড়ক দুর্ঘটনায় ১২ হাজার লোকের মৃত্যু হয় প্রতিবছর
প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনায় ১২ হাজার লোকের মৃত্যু হয়। আহত হয় ৩৫ হাজার লোক।আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বলা হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চালকেরাই ৭০ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। নিহত বা আহত ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশের বয়স ৪৫ থেকে ৭৫ বছর। তাঁরা আহত অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত অমানবিক জীবনাপন করে থাকে।সেমিনারে প্রধান অতিথি ছিলেন সড়ক ও রেল বিভাগের সচিব মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। সড়ক ও রেল বিভাগের সচিব বলেন, দেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৮০ জন আহত হন। দুর্ঘটনার কারণ হিসেবে তিনি সচেতনতা-প্রশিক্ষেণর অভাব, অদক্ষতা ও দায়িত্বহীনতাকে দায়ী করেন।বিআরটিএর চেয়ারম্যান বলেন, বিভাগীয় শহরে চালকদের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। প্রতিবছর এসব কেন্দ্র থেকে ২০ হাজার চালক প্রশিক্ষণ নিতে পারবেন। বাসস।