সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় নিহত ৫, আহত ৩৯
ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরের ভাঙ্গা ও কালিয়াকৈরে আজ শুক্রবার পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৩৯ জন আহত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় তানজিন মিয়া (৭) নামের একটি শিশু ঘটনাস্থলেই নিহত হয়। সে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে বিশ্বরোড হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হোসনা বেগম (৩০) নামের অটোরিকশার এক যাত্রী নিহত ও আরও তিনজন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসনা বেগম সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের আলী আহমদের স্ত্রী।ফরিদপুর অফিস জানিয়েছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি বাসের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোর চালকসহ আট যাত্রী আহত হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক হামিরদীর মহেশ্বরদী গ্রামের মো. সম্রাট (৮) ও অজ্ঞাতনামা (৩৮) এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে আহত ছয়জনকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, আজ দুপুরে গাজীপুরের চাপাইর ইউনিয়নের কতুবদিয়া এলাকার কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে মর্জিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়।নিহত মর্জিনা মির্জাপুর উপজেলার বহরিয়া গ্রামের আনোয়ারের স্ত্রী।খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের জানান, অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।