সড়ক-নর্দমা নির্মাণ ও সংস্কার কাজে বড় অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের ‘নির্মল বায়ু টেকসই পরিবেশ প্রকল্পের’ (ক্লিন এয়ার সাসটেইনেবল এনভায়রনমেন্ট প্রজেক্ট—কেইস) অধীনে রাজধানীতে সড়ক ও নর্দমা নির্মাণ এবং সংস্কারের কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে দরপত্র বণ্টনে অনিয়ম, অনুমোদন ছাড়া বিল পরিশোধ, কাজ যথাযথভাবে না করেও হয়েছে দেখানো ইত্যাদি। অথচ অনিয়মের দায়ে অভিযুক্ত প্রকল্প পরিচালককে আবারও বড় কাজ দেওয়া হয়েছে।বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট প্রায় ৩০০ কোটি টাকার উল্লিখিত প্রকল্প (মেয়াদ ২০১০-১৪) বাস্তবায়ন করছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), পরিবেশ অধিদপ্তর ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা, ফুটপাত, ফুটওভারব্রিজ ও নর্দমা মেরামত বা নির্মাণ করা হচ্ছে। কেইস প্রকল্পের প্যাকেজ-১-এ অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠা ছাড়াও প্রকল্প পরিচালক মো. সেহাবউল্লাহ আগের একটি দুর্নীতি মামলার আসামি। দিলকুশায় গাড়ি পার্কিং ভবন নির্মাণ নিয়ে এ দুর্নীতির অভিযোগ ওঠে। তা সত্ত্বেও তাঁর অধীনে আরও ছয়টি প্যাকেজের আওতায় ১০০ কোটি টাকার কাজ দেওয়া হয়েছে।তবে প্রকল্প পরিচালক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে কিছু লোকের ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন।একের পর এক অনিয়ম: সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া বিল না দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মানা হয়নি। প্রকল্পে ভেঙে ভেঙে বিল দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রকল্প পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি যুক্তি দেন, প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে হচ্ছে বলে সিটি করপোরেশনের অনুমোদনের প্রয়োজন নেই। কিন্তু সিটি করপোরেশন সূত্র উল্লেখ করে, গণক্রয় বিধি, ২০০৬-এর ৩৩-এর ২ ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট সংস্থা বা অনুমোদনকারী কর্তৃপক্ষকে না জানিয়ে কাজ দেওয়া বা বিল ভাগ করে দেওয়ার সুযোগ নেই।জানা গেছে, প্রকল্প পরিচালক মো. সেহাবউল্লাহ প্রথম পর্যায়ের (প্যাকেজ নম্বর সিডব্লিউ-১) ২৯ কোটি ২৮ লাখ টাকার বিল ভাগ ভাগ করে ২০১২ সালের জুনের মধ্যে পরিশোধ করেন।কার্যাদেশ দেওয়ার সময়ও অনিয়ম হয়েছে বলে সূত্র জানায়। অভিযোগ রয়েছে, প্রথম ধাপের ২৯ কোটি ২৮ লাখ টাকার কাজের কার্যাদেশ ৪০ কোটি টাকায় দেওয়ার চেষ্টা করা হয়। জালিয়াতি করে দর বাড়ানোর বিষয়টি ধরা পড়লে বিশ্বব্যাংক একটি ঠিকাদারি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে।এ ছাড়া প্যাকেজ নম্বর সিডব্লিউ-১-এর বেশির ভাগ শিডিউল প্রকল্প পরিচালকের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে। এ কথা অস্বীকার করে মো. সেহাবউল্লাহ কিছুদিন আগে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে সব প্যাকেজের শিডিউল বিক্রি ও জমা নেওয়া হয়েছে। কমিশনারের কার্যালয়ের উপমহাপরিদর্শক মাসুদুর রহমান এ বিষয়ে বলেন, সম্পত্তি বিভাগের উপমহাপরিদর্শকের কক্ষে রাখা হয়েছিল শুধু তিনটি প্যাকেজের দরপত্র বাক্স।যথাযথ কাজ না হওয়ার অভিযোগ: সম্প্রতি শ্যামলীর রিং রোড থেকে টিক্কাপাড়া এলাকা পর্যন্ত রাস্তা সংস্কার করতে গিয়ে ডিএনসিসির কাছে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। সেখানে নর্দমা করতে গিয়ে সমস্যা হয়। কারণ, কেইস প্রকল্পের অধীনে আগেই একটি নিষ্কাশন পাইপ বসানো হয়। পাইপটি প্রয়োজনের তুলনায় কম গভীরতায় বসানো হয়েছিল। তা ছাড়া ডিএনসিসি সূত্র জানায়, কেইস প্রকল্পে এখানে পাইপ দেওয়া হলেও নতুন নর্দমা করার কথা ছিল। বিলে দেখানো হয়েছে নতুন নর্দমা হিসেবেই।ডিএনসিসির একজন ঊর্ধ্বতন প্রকৌশলী জানান, কাজ নিয়ে টিক্কাপাড়ার ঘটনার মতো অনেক অভিযোগ পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে বিদ্যমান নর্দমা পরিষ্কার করে সিমেন্টের আস্তর দিয়ে নতুন বলে দেখানো হয়েছে। অভিযোগ আছে, রাস্তা সংস্কারের যেটুকু কাজের বিল দেওয়া হয়েছে, তার মধ্যে অনেক কাজ হয়নি বা দায়সারাভাবে হয়েছে। মোহাম্মদপুর রেসিডেনসিয়াল মডেল কলেজ-সংলগ্ন সড়কটি অত্যন্ত নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখতে কমিটিও গঠন করা হয়েছে। লালমাটিয়া এ-ব্লকে মা ও শিশু হাসপাতালের দক্ষিণ পাশের সড়ক ও নর্দমাও দায়সারাভাবে করার অভিযোগ আছে।কেইস প্রকল্পের অধীনে মোহাম্মদপুর-লালমাটিয়া ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে মোট ৭০ কিলোমিটার রাস্তা মেরামত করার কথা। এর অধীনে পাঁচটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে এবং ১৩টির কাজ চলছে। নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে ১০টির জন্য। এ ছাড়া ১৪ কোটি টাকায় ইন্টারসেকশন উন্নয়ন এবং ১৮ কোটি টাকায় ট্রাফিক সিগন্যাল উন্নয়নের কাজ দেওয়া হয়। ডিসিসির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেছেন, এগুলোর দরপত্রে জালিয়াতির অভিযোগ পেয়ে তদন্ত করা হচ্ছে।প্রকল্প পরিচালক বলেন, নর্দমায় শুধু আস্তর দিয়ে মেরামত বলে চালিয়ে দেওয়ার কথা সম্পূর্ণ অপপ্রচার। কাজ যেভাবে করা দরকার, তা-ই করা হয়েছে।‘দায়িত্বে অবহেলায়’ শ্রমিকের মৃত্যু: কেইস প্রকল্পের অধীনে ২০১১ সালে মোহাম্মদপুরের গজনবী সড়কে অবস্থিত মডেল কলেজের কাছে নর্দমা নির্মাণের সময় দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়। সাবেক ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রকল্প পরিচালককে লেখা চিঠিতে মন্তব্য করেন, সেহাবউল্লাহ ও তাঁর অধীন প্রকৌশলীদের দায়িত্ব পালনে ‘চরম অবহেলা, অদক্ষতা, গাফিলতি ও অমনোযোগিতার কারণেই’ এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। অনিয়ম ও অবহেলার বিষয় প্রমাণিত হলে সেহাবউল্লাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়, যা এখনো চলমান। প্রকল্প পরিচালক অবশ্য প্রথম আলোর কাছে তাঁর প্রকল্পের কোনো শ্রমিক মারা যাওয়ার কথা স্বীকার করেননি।অনিয়মের পুরস্কার?: এত কিছুর পরও একই প্রকল্প পরিচালকের অধীনে গত অক্টোবরে আরও ছয়টি প্যাকেজে ১০০ কোটি টাকার কাজ দেওয়া হয়। এগুলোর একটি হচ্ছে ২২ কোটি টাকার খিলগাঁও রাস্তা-ফুটপাত-নর্দমা উন্নয়ন প্রকল্প। এই প্যাকেজের আওতায় আটটি কাজ বরাদ্দ করা হয়। এর মধ্যে পাঁচ কোটি টাকা তোলাও হয়েছে। সেহাবউল্লাহকে দেওয়া বাকি প্রকল্পের মধ্যে আছে খিলগাঁও এলাকায় ২৫ কোটি ১৪ লাখ টাকার একটি প্যাকেজ এবং ১৮ কোটি ৫০ লাখ টাকায় নতুন ১০টি ফুটওভারব্রিজের কাজ।ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক নজরুল ইসলামের কাছে কেইস প্রকল্পের বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘কেইস প্রকল্প সম্পর্কে অভিযোগ প্রমাণিত হলে আমরা বিশ্বব্যাংককে জানাব। বিশ্বব্যাংক এতে খুশিই হবে।’